
শেরপুর প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নের টাকিমারী গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে এলাকা পরিদর্শন করেছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ।
দীর্ঘদিন ধরে নিষ্কাশন ব্যবস্থার অভাবে ওই এলাকার সাধারণ মানুষ চরম জলাবদ্ধতার শিকার হয়ে আসছেন। সামান্য বৃষ্টিতেই বসতবাড়ি, রাস্তাঘাট ও আবাদি জমি পানির নিচে তলিয়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।
এলাকাবাসীর এই চরম দুর্ভোগের কথা জানতে পেরে এমপি হাফেজ রাশেদুল ইসলাম তাৎক্ষণিকভাবে সরেজমিনে টাকিমারী গ্রাম পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি ভুক্তভোগী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং জলাবদ্ধতার মূল কারণ ও তাদের ভোগান্তির চিত্রগুলো সরাসরি পর্যবেক্ষণ করেন।
এ সময় সংসদ সদস্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। জলাবদ্ধতা থেকে এলাকাবাসীকে স্থায়ীভাবে মুক্ত করতে দ্রুততম সময়ের মধ্যে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন দপ্তরের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংসদ সদস্যের এমন দ্রুত পদক্ষেপে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং সন্তোষ জানিয়েছেন।
