
ময়মনসিংহ :
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা বাজারে কংস নদীর ওপর অবস্থিত ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজটি রাতে হঠাৎ ভেঙে পড়েছে। ব্রিজ ভেঙে বালুবাহী একটি ট্রাক নদীতে পড়ে গেছে। এ ঘটনায় তারাকান্দা-ধোবাউড়া প্রধান সড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে গোয়াতলা বাজারের বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ব্রিজের লোহার পাটাতন ও কাঠামো জরাজীর্ণ হয়ে পড়েছিল। রাতে বালু বোঝাই একটি ট্রাক ব্রিজের ওপর উঠলে বিকট শব্দে মাঝখান থেকে ভেঙে যায়। মুহূর্তের মধ্যে ট্রাকসহ ব্রিজের অংশ কংস নদীতে তলিয়ে যায়।
ব্রিজ ভেঙে পড়ার পরপরই তারাকান্দা-ধোবাউড়া প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ধোবাউড়া উপজেলার সঙ্গে ময়মনসিংহ ও পার্শ্ববর্তী এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জরুরি যানবাহন ও অ্যাম্বুলেন্স চলাচলেও চরম ভোগান্তি দেখা দিয়েছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। ট্রাকের চালক ও হেলপারের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নদী থেকে ট্রাক উদ্ধার ও ব্রিজের ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বহুবার ব্রিজটি মেরামত ও নতুন ব্রিজ নির্মাণের দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি। ঝুঁকি জেনেও বাধ্য হয়ে মানুষ ও যানবাহন এ ব্রিজ দিয়েই চলাচল করত। ব্রিজ ভেঙে পড়ায় এখন যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।
উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগ সওজের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। দ্রুত অস্থায়ী ব্রিজ বা বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।
