
শেরপুর প্রতিনিধি: শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের যে ধরে শহরের ঢাকলহাটি প্রাণের চন্দ্র নন্দীর বসত বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকি দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শহরের ঢাকলহাটি মহল্লার প্রাণেশ চন্দ্র নন্দী।
২৫ আগস্ট মঙ্গলবার দুপুরে শহরের নিউমার্কেটস্থ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কার্যালয়ের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কার্যালয়ে এর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী প্রাণেশ চন্দ্র নন্দী। সময় তার বৃদ্ধা মা লক্ষ্মী রানী নন্দী উপস্থিত ছিলেন।
তিনি তার লিখিত বক্তব্য বলেন, আমি ও আমার পরিবার শেরপুর সদর থানার ঢাকলহাটি এলাকায় আমাদের পৈতৃক ও স্বত্ব দখলীয় সম্পত্তিতে দীর্ঘদিন ধরে বংশপরম্পরায় বসবাস করে আসছি। আমরা সংখ্যালঘু পরিবার থাকায় বিবাদীগণ দীর্ঘদিন ধরে আমাদের বসতবাড়ি উচ্ছেদের পায়তারা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৫ আগস্ট শনিবার সন্ধ্যায় উল্লেখিত ব্যক্তিরা সশস্ত্র অবস্থায় বেআইনিভাবে আমাদের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে আমাদের একচালা ঘর ভাঙচুর করে এবং ঘরে থাকা মূল্যবান মালামাল তাণ্ডব চালিয়ে পিকআপ গাড়িতে তুলে নিয়ে যায়। এ সময় আমরা ও আমাদের পরিবারের নারী সদস্যরা বাধা দিতে গেলে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে আমাদের প্রাণনাশের হুমকি দেয় ও শারীরিক নির্যাতন চালায়। এতে আমরা জীবনের ভয়ে কোনো প্রতিরোধ গড়তে পারিনি।
ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি জানানো হয় এবং শেরপুর সদর থানায় মৌখিকভাবে অবহিত করা হলেও থানা পুলিশ এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
