Home » নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গাছ কেটে ফেলার অভিযোগ 

নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গাছ কেটে ফেলার অভিযোগ 

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে ১৬টি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলা, মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. আব্দুল্লাহ (৫৫) নামের এক ব্যক্তি নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নালিতাবাড়ী পৌর শহরের দক্ষিণ কালিনগর এলাকার বাসিন্দা আব্দুল্লাহর সঙ্গে একই এলাকার কয়েকজনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে গত ১২ নভেম্বর সকাল আনুমানিক ৭টার দিকে অভিযুক্ত রুবেল মিয়া (৪০), সাব্বির মিয়াসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বসতবাড়িতে আসেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরো বলাহয়, এ সময় অভিযুক্তরা দা, কোদাল, শাবল, লোহার রড ও বাঁশের লাঠিসোঁটা দিয়ে আব্দুল্লাহর রোপণ করা ১৬টি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলেন। এতে তাঁর আনুমানিক ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এ সময় বাধা দিতে গেলে অভিযুক্তরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের চেষ্টা করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদেরও ক্ষতি করার হুমকি দেওয়া হয় বলে দাবি করেন অভিযোগকারী ও ভুক্তভোগী আব্দুল্লাহ।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা এবং ক্ষতিগ্রস্ত সম্পদের বিষয়ে আইনগত প্রতিকার চেয়ে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন অসহায় আব্দুল্লাহ।

অভিযোগকারী মো. আব্দুল্লাহ থানায় অভিযোগ দেওয়ার পর প্রশাসনের নিকট দ্রুত অপরাধীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *