Home » শেরপুরে ৪টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ লক্ষ টাকা জরিমানা

শেরপুরে ৪টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ লক্ষ টাকা জরিমানা

শেরপুর প্রতিনিধি :

শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি ইটভাটার মালিককে মোট ৯ লক্ষ টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং শেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় শেরপুর সদর উপজেলার বিভিন্ন ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াছমিন মিতু। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন, পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।

এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম ও অত্র কার্যালয়ের কর্মচারীবৃন্দ।

অভিযানে সহায়তা করে সেনাবাহিনীর সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, শেরপুর পুলিশ লাইন্স এবং শেরপুর সদর থানার পুলিশ সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় শেরপুর সদর উপজেলার দমদমা কালীগঞ্জে মেসার্স জেড এইচ বি ব্রিকসে ২,৫০,০০০ টাকা, মেসার্স এম এস বি ব্রিকসে ২,৫০,০০০ টাকা, চরশেরপুর মেসার্স এস এফ ব্রিকসে ২,০০,০০০ টাকা এবং মেসার্স এম এম ব্রিকসে ২,০০,০০০ টাকা সহ ৪টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ইটভাটার সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।

পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar