Home » হাজারো দর্শকের উল্লাসে ডিমলায় উদ্বোধন হলো কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

হাজারো দর্শকের উল্লাসে ডিমলায় উদ্বোধন হলো কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

 

(নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল চারটার পর খগাখরিবাড়ী মিনি স্টেডিয়াম মাঠে হাজারো দর্শকের উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধনী খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ডিমলা ফুটবল একাদশ ২-০ গোলে খগাখরিবাড়ী ফুটবল একাদশকে পরাজিত করে বিজয় অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে, আমার ভাই আরাফাত রহমান কোকো ছিলেন এক অনন্য ক্রীড়ানুরাগী। তিনি বিশ্বাস করতেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখে এবং শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারে। আজকের এই টুর্নামেন্ট তার সেই স্বপ্নের বাস্তব প্রতিফলন।”

তিনি আরও বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সামাজিক ঐক্য ও মানবিক মূল্যবোধ গঠনের শক্তিশালী হাতিয়ার। আমরা চাই, প্রতিটি গ্রামে খেলাধুলার আনন্দ ছড়িয়ে পড়ুক- তরুণরা মাঠমুখী হোক, সমাজে ইতিবাচক ধারা গড়ে উঠুক।”

উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারী জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং ক্রীড়াপ্রেমী জনতা মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক রইসুল আলম চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, অধ্যক্ষ মনোয়ার হোসেন, গোলাম রব্বানী প্রধান প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খগাখরিবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও টুর্নামেন্টের আহ্বায়ক রবিউল ইসলাম লিথন। এছাড়া টেপাখরিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও টুর্নামেন্টের সদস্য সচিব রবিউল ইসলাম শাহীন উদ্বোধনী ম্যাচের সঞ্চালনা করেন।

মাঠজুড়ে ছিল উত্তেজনা, করতালি ও উচ্ছ্বাস। খেলার শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকরা আনন্দে ভাসছিলেন। ম্যাচের ২০তম মিনিটে ডিমলা ফুটবল একাদশের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় রিমস প্রথম গোলটি করেন। পরবর্তীতে খেলার শেষ পর্যায়ে খগাখরিবাড়ী দলের গোলরক্ষক সাকিবের আত্মঘাতী গোলে দ্বিতীয় গোলটি হয়। ফলে ডিমলা ফুটবল একাদশ ২-০ গোলে জয়লাভ করে।

খেলায় অসাধারণ পারফরম্যান্সের জন্য ডিমলা ফুটবল একাদশের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিমস ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। বিজয়ী দলের খেলোয়াড়দের কাঁধে তুলে সমর্থকরা মাঠজুড়ে আনন্দ-উল্লাসে ফেটে পড়েন।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, এই প্রাণবন্ত টুর্নামেন্ট তরুণ সমাজকে নতুন করে মাঠমুখী করছে। এতে এলাকায় ঐক্য, সৌহার্দ্য ও ইতিবাচক মনোভাবের বিকাশ ঘটছে এবং গ্রামীণ সমাজে ক্রীড়া চেতনার নতুন জোয়ার বইয়ে দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar