
শেরপুর প্রতিনিধি:
শেরপুরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) শেরপুর শহরের আলীশান রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি শেরপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. হযরত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মোমেনের সঞ্চালনায় সাধারণ সভায় সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও সচিবদের পেশাগত বিভিন্ন দাবি-দাওয়া, অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
দিনব্যাপী সাধারণ সভা শেষে বিকাল ৩টায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রত্যক্ষ ভোটগ্রহণ ও সমঝোতার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।
নির্বাচনে সভাপতি পদে নুরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম শফিক, কোষাধ্যক্ষ পদে বিল্লাল হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াই হয়। এই পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল ইসলাম এবং আব্দুল্লাহ আল মামুন দুজনেই সমান ২১টি করে ভোট পান। পরবর্তীতে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে নিয়মতান্ত্রিক উপায়ে লটারির মাধ্যমে সাইফুল ইসলামকে সাংগঠনিক পদে বিজয়ী ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটি আগামী দিনে শেরপুর জেলার ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।
