Home » উজিরপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

উজিরপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

 

শফিকুল ইসলাম শামীম
উজিরপুর প্রতিনিধিঃ
বাল্য বিয়ে আর নয়,কন্যা করবে বিশ্বজয়’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬
পালন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং উজিরপুর এডিপি, সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশন কর্তিপক্ষের সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, আলী সুজা।তিনি বলেন, বাল্যবিয়ে কন্যাশিশুর শিক্ষা, স্বাভাবিক বিকাশ ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। বাল্যবিয়ে প্রতিরোধ,কন্যাশিশুর নিরাপদ বেড়ে ওঠা এবং শিক্ষার অধিকার নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান কন্যাশিশুর অধিকার সুরক্ষা, নারীর ক্ষমতায়ন এবং বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।তিনি বলেন, মেয়েদের শিক্ষা, আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিদের একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম রুমি,পৌর বিএনপির সভাপতি মো.শহীদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন এবং পৌর মহিলা দলের সাধারণ সম্পাদিকা মনিরা আক্তার শিখাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কন্যাশিশুর অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা চিত্রের মাধ্যমে তুলে ধরে শিক্ষার্থীরা।পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউপিইটিসির ইনস্ট্রাক্টর সৈয়দ গফ্ফার আলী।বক্তারা বলেন, কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা,অধিকার ও মর্যাদা নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে পরিবার,সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *