Home » নকলায় জমি সংক্রান্ত বিরোধের প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর

নকলায় জমি সংক্রান্ত বিরোধের প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদ। মঙ্গলবার (৩ফেব্রুয়ারি) সকালে নকলা পৌরসভার লাভা মহল্লায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদ দৈনিক আজকের পত্রিকার নকলা উপজেলা প্রতিনিধি, জাতীয় সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্র-এর শেরপুর জেলা প্রতিনিধি এবং শেরপুর থেকে প্রকাশিত অনলাইন সংবাদমাধ্যম শ্যামলবাংলা২৪ডটকম-এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে পরিবারসহ নকলা পৌরশহরে বসবাস করে আসছেন। পৌরসভার লাভা মহল্লায় তার পৈতৃক বাড়ি ও কৃষিজমি রয়েছে। পৈতৃক বাড়িতে অনুপস্থিত থাকার সুযোগে তার আপন চাচাতো ভাই বেলায়েত হোসেন বকুল (৬০) ও বকুলের আপন ভাতিজা হুমায়ুন কবির (৪০) দীর্ঘদিন ধরে তার জমি জবরদখলের পাঁয়তারা করে আসছিল। ঘটনার দিন সকালে সাংবাদিক জাহাঙ্গীর শ্রমিক নিয়ে তার স্বত্বাধিকারভুক্ত জমিতে বোরো ধান রোপণের উদ্দেশ্যে গেলে বেলায়েত হোসেন বকুল কোদাল দিয়ে অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন। এ সময় হুমায়ুন কবির তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং তাকে কিল-ঘুষি ও লাথি মেরে আরও আহত করে বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে নকলা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে আহত সাংবাদিককে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ ঘটনায় পুরো শেরপুর জেলার সাংবাদিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar