
শেরপুর প্রতিনিধি:
শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে শহরের পৌর অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সুধীজনদের মিলনমেলায় পরিণত হয়।
পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মো. রাশেদুল ইসলাম বলেন, “ঈদ আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। ইসলামি আদর্শ ধারণ করে আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আজকের এই পুনর্মিলনী কেবল শুভেচ্ছা বিনিময় নয়, বরং সামাজিক কর্মকাণ্ডে আরও ঐক্যবদ্ধ ও গতিশীল হওয়ার প্রেরণা যোগাবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাফিজুর রহমান এবং কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল। বক্তারা ঈদের খুশিতে এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌর শহরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষভাগে সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন
